বান্দরবানে পরিত্যক্ত সরকারি ভবন থেকে অ্যালুমিনিয়াম ফ্রেম চুরি, আটক ২

বান্দরবানে পরিত্যক্ত সরকারি ভবন থেকে অ্যালুমিনিয়াম ফ্রেম চুরি, আটক ২

বান্দরবানে পরিত্যক্ত সরকারি ভবন থেকে অ্যালুমিনিয়াম ফ্রেম চুরি, আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান শহরের মেঘলা তালুকদারপাড়া পর্যটন এলাকার চাকমাপাড়ায় পরিত্যক্ত সরকারি জয়িতা ভবন থেকে অ্যালুমিনিয়ামের থাই ফ্রেম চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের ৪১ পিস অ্যালুমিনিয়াম ফ্রেম উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন—মো. জাহিদ হাসান বাবু (১৯) ও মো. সাইমন (১৮)। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ২-৩ জন জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে মেঘলা তালুকদারপাড়া পর্যটন এলাকার চাকমাপাড়ায় জয়িতা ভবনের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, পরিত্যক্ত জয়িতা ভবনের থাই গ্লাসের অ্যালুমিনিয়াম ফ্রেম খুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই যুবককে দেখতে পান। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে চুরির বিষয়টি স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বান্দরবান সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক দুই যুবক ও উদ্ধার করা মালামাল থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অ্যালুমিনিয়াম ফ্রেমগুলোর মধ্যে ৯ ফুট লম্বা ৫টি, ৬ ফুট লম্বা ১টি, ৫ ফুট লম্বা ২টি, সাড়ে ৩ ফুট লম্বা ২০টি এবং ৪ ফুট লম্বা ১৩টি রয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

এ ঘটনায় রবিউল আলম (৪৯) বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি চুরি মামলা করেছেন। মামলায় আটক দুই যুবক ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পরিত্যক্ত সরকারি স্থাপনার সুযোগ নিয়ে চক্রটি ভবনের বিভিন্ন মালামাল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।