বাঙ্গালহালিয়ায় জমজমাট আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজনকে ঘিরে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি জিকু কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. কামাল উদ্দিন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং মারমা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স ও সাউচিং মারমা।
এ ছাড়া টুর্নামেন্টের আহ্বায়ক মো. আবদুল জব্বার, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জুনায়েদ ইসলাম (জুনু)সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া ও পদুয়া ইলেভেন স্টার। ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি মংঞো মারমা। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মংছাথোয়াই মারমা ও উবাসিং মারমা আবুল।
নির্ধারিত ৭০ মিনিটের খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। গোলের জন্য উভয় দল একাধিকবার সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে।
স্নায়ুচাপের টাইব্রেকারে শেষ পর্যন্ত পদুয়া ইলেভেন স্টারকে পরাজিত করে জয় তুলে নেয় বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া। দলের জয়ে মাঠজুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকেরা।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের বিভিন্ন পর্বে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানান, পাহাড়ি এই জনপদে ফুটবল বরাবরই জনপ্রিয়। দীর্ঘদিন পর বড় পরিসরে এমন আয়োজন হওয়ায় বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিটি ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতিও বাড়ছে।
টুর্নামেন্টকে কেন্দ্র করে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠসহ আশপাশের এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ফুটবলপ্রেমীরা আশা করছেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন হলে তরুণ প্রজন্ম খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।