তাতিন্দ্র লাল পেলের মৃত্যুতে জেএসএস (এমএন লারমা)’র শোক - Southeast Asia Journal

তাতিন্দ্র লাল পেলের মৃত্যুতে জেএসএস (এমএন লারমা)’র শোক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সংস্কার)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলের মৃত্যুতে শোক জানিয়েছে জেএসএস (এমএন লারমা)। ১৩ আগষ্ট বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংগঠনটির নেতা-কর্মীরা।

শোক বার্তায় বলা হয়, সংগ্রামী এই জননেতার অকস্মাৎ মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)সহ গোটা পার্বত্য চট্টগ্রামবাসী তথা দেশের জন্য অপূরনীয় ক্ষতি ও গভীর শূণ্যতার সৃষ্টি হলো। তার এই মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের অধিকারকামী জুম্ম জনগন একজন অগ্রসৈনিক হারালো।

উল্লেখ্য, ১৯৫২ সালের পহেলা জানুয়ারি পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বর্তমান ২নং বোয়ালখালী ইউনিয়নের কামাকুছড়া গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত চাকমা পরিবারে জন্ম গ্রহন করেন প্রয়াত তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। পিতা মৃত দেব মোহন চাকমা ও মাতা মৃত নন্দরানী চাকমার পরিবারে ৬ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। দীঘিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে তিনি ১৯৬৯ সালে দীঘিনালা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক ১৯৭২ সালে রাঙামাটি থেকে একই বিভাগে আই.এ পাশ করেন।

ছাত্রাবস্থায় প্রয়াত তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে পাহাড়ি ছাত্র সমিতির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি গঠিত হবার পর তিনি সক্রিয়ভাবে অগণতান্ত্রিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির সময় অস্ত্রসমর্পন করে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসে জেএসএস (এমএন লারমা)’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সংস্কার)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি এক কণ্যা, দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।