জেএসএস (এমএন লারমা) নেতা তাতিন্দ্র লাল পেলের দাহক্রিয়া সম্পন্ন - Southeast Asia Journal

জেএসএস (এমএন লারমা) নেতা তাতিন্দ্র লাল পেলের দাহক্রিয়া সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সদ্য প্রয়াত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে’র। ১৪ আগষ্ট শুক্রবার দুপুরের পর যথাযোগ্য মর্যাদায় নিজ জন্মস্থান খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়নের কামাকুছড়া গ্রামে পারিবারিক শশ্বানে দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয় আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা)’র এই শীর্ষ নেতার।

এর আগে সকালে খাগড়াছড়িতে তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা ও শেষ বিদায় জানান খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও গন্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ১৯৫২ সালের পহেলা জানুয়ারি পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বর্তমান ২নং বোয়ালখালী ইউনিয়নের কামাকুছড়া গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত চাকমা পরিবারে জন্ম গ্রহন করেন প্রয়াত তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। পিতা মৃত দেব মোহন চাকমা ও মাতা মৃত নন্দরানী চাকমার পরিবারে ৬ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। দীঘিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে তিনি ১৯৬৯ সালে দীঘিনালা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক ১৯৭২ সালে রাঙামাটি থেকে একই বিভাগে আই.এ পাশ করেন।

ছাত্রাবস্থায় প্রয়াত তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে পাহাড়ি ছাত্র সমিতির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি গঠিত হবার পর তিনি সক্রিয়ভাবে অগণতান্ত্রিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির সময় অস্ত্রসমর্পন করে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসে জেএসএস (এমএন লারমা)’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সংস্কার)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি এক কন্যা, দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।