আলুটিলা পাহাড়ে ইমাং পাঠাগার উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা পাহাড়ে বসবাসরত স্থানীয় লোকজন ও এই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জানার আগ্রহকে আরো সুদৃঢ় করে তুলতে উদ্বোধন করা হয়েছে ইমাং পাঠাগারের।
১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় জেলার মাটিরাঙ্গা উপজেলা সদর ইউনিয়নস্থ আলুটিলা পুর্ণবাসন পাহাড়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাঠাগার উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক ও চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের উপদেষ্টা ও প্রান্ত স্মৃতি সংসদের চেয়ারম্যান দীনময় রোয়াজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উন্নয়ন সংস্থার সমন্বয়ক, মুক্ত গবেষক ও সমাজকর্মী এবং সংগঠক নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি প্রেম কুমার ত্রিপুরা, স্থানীয় পাড়া লিডার রমনা রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা, কার্বারী কীতি রঞ্জন ত্রিপুরা, স্থানীয় সমাজসেবক পিযুষ কান্তি ত্রিপুরা ও রেশম কান্তি ত্রিপুরা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাংশু ত্রিপুরা বলেন, ‘তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞান অর্জনে বই পড়তে হবে। জ্ঞানের সমস্ত আহার বরফের মতো জমা রয়েছে পাঠাগারে। জ্ঞান অর্জনের জন্য পাঠাগারের বিকল্প নেই। বই পড়ার অভ্যাস করতে হবে। পাঠাগারের গুরুত্ব আমি বুঝি।’ এসময় সম্মিলিত প্রচেষ্টায় পাঠাগারের নতুন ভবনের জন্য পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে আবেদন করার জন্য উদ্যেক্তাদের প্রতি আহবান জানান তিনি।
স্থানীয় যুবক অর্পন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক শয়ন বিকাশ ত্রিপুরা। সভা শুরুতে পাঠাগার প্রতিষ্ঠার সংক্ষিপ্ত অভিব্যক্তি ব্যক্ত করেন কজিতা ত্রিপুরা ও রনজিত ত্রিপুরা (পানতৈ)। পরে সভা শেষে, পাড়ার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতি পর্ব অনুষ্ঠিত হয়।