মিয়ানমারের তাদা-উ বিমানবন্দরে ইয়াক-১৩০ যুদ্ধবিমানে বিদ্রোহীদের ড্রোন হামলা
![]()
জার্নাল প্রতিবেদক
মিয়ানমারের মান্দালয় শহরের দক্ষিণে তাদা-উ বিমানবন্দরে সরকারি বাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ ও হালকা যুদ্ধবিমানে সফল ড্রোন হামলা চালিয়েছে জান্তাবিরোধী বিদ্রোহীরা। পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) পরিচালিত এফপিভি (ফার্স্ট পারসন ভিউ) ড্রোন হামলায় বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক টমাস ভ্যান লিঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরক বহনকারী একটি এফপিভি ড্রোন সরাসরি ইয়াক-১৩০ বিমানটির সামনের অংশ বা নোজ সেকশনে আঘাত হানে। এতে বিমানটির সামনের অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
ইয়াক-১৩০-এর সামনের অংশে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম ও নিয়ন্ত্রণব্যবস্থার বিভিন্ন উপাদান থাকে। ফলে হামলায় বিমানটি যে মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এটি মেরামত করে আবার উড্ডয়ন উপযোগী করা কঠিন, এমনকি প্রায় অসম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিমানটির প্রকৃত ক্ষয়ক্ষতি ও মেরামতের সম্ভাবনা সম্পর্কে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার ইয়াকোভলেভ ডিজাইন ব্যুরোর তৈরি ইয়াক-১৩০ মূলত দুই আসনের জেট প্রশিক্ষণ বিমান। তবে বিমানটিকে হালকা আক্রমণকারী বিমান হিসেবেও ব্যবহার করা যায়। ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য এতে অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে।
জানা যায়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ধাপে ধাপে রাশিয়ার কাছ থেকে প্রায় ২০টি ইয়াক-১৩০ বিমান সংগ্রহ করে মিয়ানমারের সামরিক বাহিনী। কারিগরি ত্রুটি এবং দেশটিতে চলমান সংঘাতের কারণে এরই মধ্যে কয়েকটি বিমান হারিয়েছে তারা।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানে ইয়াক-১৩০ বিমান ব্যবহার করে আসছে মিয়ানমারের সামরিক সরকার। বিশেষ করে পিপলস ডিফেন্স ফোর্সসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মধ্যেই তাদা-উ বিমানবন্দরে মাটিতে অবস্থানরত একটি ইয়াক-১৩০-কে ড্রোন দিয়ে আঘাত করার ঘটনা জান্তাবিরোধীদের আকাশ প্রতিরোধ সক্ষমতায় নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।