মেঘালয় সীমান্তে বিএসএফের প্রস্তুতি পর্যালোচনা, নজরদারি জোরদারের নির্দেশ ডিজির
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মেঘালয় সীমান্তে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করেছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) প্রভীন কুমার, আইপিএস। ১০ ও ১১ সেপ্টেম্বর মেঘালয় ফ্রন্টিয়ার সফরকালে তিনি সীমান্তে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি, নজরদারি এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
সফরকালে বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শকের (আইজি) উপস্থিতিতে ডিআইজি ও কমান্ড্যান্ট পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমান্ডারস কনফারেন্সে সভাপতিত্ব করেন ডিজি প্রভীন কুমার। বৈঠকে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি, নিরাপত্তাব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় সীমান্তে ধারাবাহিক সতর্কতা ও নজরদারি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

পরে বিএসএফ মহাপরিচালক জোয়াই সেক্টরের সীমান্তবর্তী অগ্রবর্তী এলাকাগুলো পরিদর্শন করেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত ফিল্ড কমান্ডাররা তাঁকে ওই এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা এবং বিএসএফের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমান্ত এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে ধারণা নেন তিনি।
সফরকালে অনুষ্ঠিত প্রহরী সম্মেলনে বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রভীন কুমার। আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিকূল আবহাওয়া ও কঠিন ভৌগোলিক পরিবেশের মধ্যেও দায়িত্ব পালনের জন্য তিনি সদস্যদের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। একই সঙ্গে বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মান বজায় রাখার আহ্বান জানান।

বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে দায়িত্ব পালনকারী সদস্যদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়টি বাহিনী এবং সরকারের কাছে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিএসএফ সদস্যদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তাদের অবহিত করেন।
সফরের অংশ হিসেবে মেঘালয়ের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিএসএফের মহাপরিচালক। এ সময় মেঘালয়ে আন্তর্জাতিক সীমান্তে কার্যকর সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন তিনি।

এ ছাড়া মেঘালয়ের পুলিশ মহাপরিচালকের (ডিজিপি) সঙ্গেও সাক্ষাৎ করেন প্রভীন কুমার। বৈঠকে সীমান্ত নিরাপত্তায় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে কার্যকর সীমান্ত নিয়ন্ত্রণ, তথ্য আদান-প্রদান এবং সমন্বিতভাবে সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিএসএফের এই শীর্ষ কর্মকর্তার মেঘালয় সফর এমন সময়ে হলো, যখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সফরে সীমান্তের অগ্রবর্তী অবস্থানগুলো সরেজমিনে পরিদর্শন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।