রুমায় নিখোঁজের তিন দিন পর পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের রুমায় নিখোঁজের তিন দিন পর মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নামে পল্লী উন্নয়ন বোর্ডের এক মাঠ সংগঠককে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডে মাঠ সংগঠক হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম বিপন্ন মণ্ডল।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মৃত্যুঞ্জয়। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে ১৩ সেপ্টেম্বর রুমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ৪৭৬।
জিডির পর রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই মোহাম্মদ আবুল কালাম তদন্তভার গ্রহণ করেন। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মৃত্যুঞ্জয়ের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রুমা থানা পুলিশের তৎপরতায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, উদ্ধারের পর মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলা হয়েছে। এ সময় তাঁর নিখোঁজ হওয়ার কারণ, অবস্থান এবং গতিবিধি সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।
তবে কী কারণে তিনি তিন দিন নিখোঁজ ছিলেন এবং এই সময়ে তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রুমা থানা পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।