আলীকদমে মাদকবিরোধী সচেতনতা সভা ও র‍্যালি

আলীকদমে মাদকবিরোধী সচেতনতা সভা ও র‍্যালি

আলীকদমে মাদকবিরোধী সচেতনতা সভা ও র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব পালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলীকদম থানা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দক্ষিণ-পূর্ব পালং পাড়া একতা যুব কল্যাণ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম থানার এসআই মিয়েল চাকমা, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য জান্নাতুল ফেরদৌস।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও যুব সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা সম্ভব বলেও মত দেন তারা।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালি বের করা হয়। আলীকদম থানার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি দক্ষিণ-পূর্ব পালং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এলে কর্মসূচির সমাপ্তি হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।