এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
![]()
জার্নাল প্রতিবেদক
২০তম এশিয়ান গেমস উপলক্ষে চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে তিনি জাপান থেকে দেশে প্রত্যাবর্তন করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টের খেলা সরাসরি প্রত্যক্ষ করেন এবং তাঁদের উৎসাহ দেন।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ সময় এশিয়ার ক্রীড়া অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এ ছাড়া তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এসব উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধানের এ সফর আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।