ভারত-মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া ‘নোমাডিক এলিফ্যান্ট ২০২৬’ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
ভারত ও মঙ্গোলিয়ার সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘নোমাডিক এলিফ্যান্ট ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড়ে অবস্থিত ফরেন ট্রেনিং নোডে মহড়াটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়ার ১৮তম সংস্করণ।
মহড়াটি ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এতে ভারত ও মঙ্গোলিয়ার সেনাসদস্যরা আধা-শহুরে ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী ও বিদ্রোহ দমন অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন।
মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক সক্ষমতা ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অপারেশনাল কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাস্তব অভিযানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা ও আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

যৌথ মহড়ায় ঘেরাও ও তল্লাশি অভিযান, ভবনে প্রবেশ ও কক্ষভিত্তিক অভিযান পরিচালনার কৌশল, বিশেষ হেলিবর্ন অপারেশন, সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এবং ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও অনুশীলন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি ও আধা-শহুরে এলাকায় পরিচালিত সম্ভাব্য যৌথ অভিযানের ক্ষেত্রে দুই দেশের সেনাদের পারস্পরিক সমন্বয় ও কার্যকর যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহড়ার মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনী নিজেদের অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।