আল্লাহর কসম কেটে তুরস্ক ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলো হুথিরা
![]()
জার্নাল প্রতিবেদক
ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত ও হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান ও তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেন সংঘাত বা সৌদি আরবের পক্ষে যেকোনো সামরিক হস্তক্ষেপে যুক্ত হলে দেশ দুটিকে ‘কঠোর ও নির্মম’ জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ইরাকি টেলিভিশন অনুষ্ঠান ‘অ্যানাদার রিডিং’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও ধামার প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-বুখাইতি।
আল-বুখাইতি বলেন, ‘আল্লাহর কসম, তুরস্ক ও পাকিস্তান যদি এতে জড়িত হয়, তবে আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।’ পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবের পক্ষে ইয়েমেনে হস্তক্ষেপ করলে তাদের একটি শিক্ষা দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
সৌদি আরবের ওপর হুথিদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর রিয়াদ, ইসলামাবাদ ও আঙ্কারার মধ্যবর্তী যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এর প্রেক্ষাপটেই হুথিদের পক্ষ থেকে এই বার্তা এলো।
তবে আল-বুখাইতি জানান, পাকিস্তান ও তুরস্কের সাধারণ জনগণের মনে ইয়েমেনের জন্য গভীর সহানুভূতি রয়েছে বলে তিনি মনে করেন। তাই এই হুঁশিয়ারি মূলত তাদের সরকারের জন্য, যদি তারা সামরিকভাবে এতে জড়ায়।
চলতি বছরের ৭ আগস্ট তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে তিনপক্ষীয় একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতার মধ্যে যৌথ দায়িত্ব ও সুরক্ষার নীতিতে গঠিত এই চুক্তির মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরক্ষা শক্তি বাড়ানো। চুক্তি অনুযায়ী, অংশীদার যেকোনো একটি দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ বলে গণ্য করা হবে।
হুথিদের এই হুমকির মধ্যেই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা গুরুতর হুমকির মুখে পড়েছে। জোটের প্রতিশ্রুতি অনুযায়ী তুরস্ক রিয়াদের পাশে রয়েছে।হাকান ফিদান বলেন, ‘সৌদি আরবের হয় তো সামরিক পর্যায়ের সহযোগিতার প্রয়োজন হতে পারে। আমরা বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করব এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে পারি।’ রিয়াদের তেল স্থাপনাগুলোতে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জোট পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।