সেনাবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমসহ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভূমিকার বিষয়টি আলোচনায় আসে।

এ সময় ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর সঙ্গে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’-এ বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
সাক্ষাৎটি দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতার ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। পারস্পরিক যোগাযোগ ও পেশাদার পর্যায়ের বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও কার্যকর রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।