শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী

শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী

শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শিগগিরই উত্তরপ্রদেশকে চার ভাগে ভাগ করা হবে বলে দাবি করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রধান ওম প্রকাশ রাজভর। তিনি দাবি করেছেন, উত্তরপ্রদেশ রাজ্য ভেঙে ‘পূর্বাঞ্চল’, ‘মধ্যাঞ্চল’, ‘বুন্দেলখণ্ড’ ও ‘হরিত প্রদেশ’ নামে চারটি অংশ হবে। এমনকি পূর্বাঞ্চল আলাদা রাজ্য হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী রাজভর সম্প্রদায়ের কেউ হবেন বলেও দাবি করেছেন ওম প্রকাশ রাজভর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গত রোববার আম্বেদকরনগর জেলায় এক জনসভায় বক্তব্য দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ‘কথোপকথনের’ কথা তুলে ধরেন রাজভর। তার দাবি, জাতিভিত্তিক জনগণনা শেষ হওয়ার পর উত্তরপ্রদেশ ভাগ করা হতে পারে বলে তাকে ‘আশ্বস্ত’ করেছেন মোদি।

রাজভর বলেন, ‘জাতিভিত্তিক জনগণনা শেষ হয়ে গেলে রাজ্য ভাগ করতে আর কোনো সমস্যা থাকবে না। জনগণনা শেষ হওয়ার পরই আমরা রাজ্য ভাগ করব। দেশের প্রধানমন্ত্রী আমাকে এ কথাই বলেছেন।’

উত্তরপ্রদেশে রাজভরের দল বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে। রাজভর আরও বলেন, ‘আগামী দিনগুলোতে উত্তরপ্রদেশ চার ভাগে ভাগ হবে। যেদিন আলাদা পূর্বাঞ্চল রাজ্য গঠিত হবে, সেদিন প্রথম মুখ্যমন্ত্রী যদি কেউ হন, তাহলে রাজভর সম্প্রদায়ের একজনই পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রী হবেন।’

চারটি সম্ভাব্য রাজ্যের নামও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, উত্তরপ্রদেশ ভাগ হলে গঠিত হবে—পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও হরিত প্রদেশ। পূর্বাঞ্চলে রাজভর সম্প্রদায়ের সবচেয়ে বেশি ভোট রয়েছে বলেও দাবি করেন তিনি। এ কারণেই ওই অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী রাজভর সম্প্রদায়ের কেউ হবেন বলে মন্তব্য করেন তিনি।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজভরের এই বক্তব্য উত্তরপ্রদেশ ভাগের পুরোনো দাবিকে আবারও সামনে নিয়ে এসেছে। এর আগেও বিভিন্ন সময়ে রাজ্যটিকে ভাগ করার দাবি উঠেছে।

৪০৩ আসনের উত্তরপ্রদেশকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সাধারণত চারটি অঞ্চলে ভাগ করে দেখা হয়—পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চল। রাজ্যের রাজধানী থেকে দূরত্ব এবং অঞ্চলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আঞ্চলিক দলগুলো দীর্ঘদিন ধরে বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলকে আলাদা রাজ্য করার দাবি জানিয়ে আসছে।

এ নিয়ে ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে একটি পদক্ষেপ নেয়া হয়েছিল। সে সময় মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সরকার উত্তরপ্রদেশ বিধানসভায় রাজ্যটিকে চার ভাগে ভাগ করার একটি প্রস্তাব পাস করেছিল। তবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সেই প্রস্তাব আর বাস্তবায়িত হয়নি।

এর আগে ২০০০ সালে উত্তরপ্রদেশ থেকে হিমালয়সংলগ্ন একটি বড় অংশ আলাদা করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়। এখন ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যকে আরও ছোট কয়েকটি রাজ্যে ভাগ করার আলোচনা আবারও সামনে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *