কাপ্তাইয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, আহত ১ - Southeast Asia Journal

কাপ্তাইয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, আহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে গ্যাস খাতের সংকট ও তা থেকে উত্তরণের বিষয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মো. নাজমুল হক (৩২) আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের চিৎমরম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের কাপ্তাই উপজেলা ত্রাণ ও সমাজসেবা প্রতিনিধি মংসুই প্রু মারমার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী চিৎমরম বাজার এলাকায় গ্যাস খাতের সংকট ও তা থেকে উত্তরণের বিষয়ে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের চলমান সংকট দ্রুত সমাধানের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত ও সচেতন করা হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

লিফলেট বিতরণের একপর্যায়ে বিএনপির অপর একটি পক্ষের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে কার্যক্রমে বাধা দেন বলে স্থানীয় সূত্রের দাবি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মো. নাজমুল হকের নাক ও মুখমণ্ডলে রক্তাক্ত জখম হয়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। নাজমুল বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাজমুল হক চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল হামিদ মিয়া।

স্থানীয় সূত্রগুলো বলছে, লিফলেট বিতরণের কর্মসূচি নিয়ে বিএনপির অপর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে আগে আলোচনা না করাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। তবে এ বিষয়ে দুই পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাকের আহম্মদ বলেন, চিৎমরম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু বলেন, তিনি এলাকার বাইরে থাকায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেননি।

ঘটনার পর চিৎমরম বাজার ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *