দুর্যোগে ক্ষতিগ্রস্ত রামগড়ের ৪০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে খাগড়াছড়ির রামগড়ে ৪০টি দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। এসব পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার নগদ সহায়তার চেক দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫টি এবং রামগড় পৌরসভার পক্ষ থেকে ১৫টি—মোট ৪০টি ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে সহায়তার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিনের পাশাপাশি তিন হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জরাজীর্ণ ঘর মেরামত করে আবারও নিরাপদে বসবাসের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।
প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়া নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ঢেউটিন ও নগদ অর্থের এ সহায়তা সাময়িক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।