উখিয়ায় বনভূমি দখলের বিরুদ্ধে অভিযান, ৩০ একর জমি জবরদখলমুক্ত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন বিটের বন কর্মকর্তা-কর্মচারী এবং ইআরটি দলের সদস্যরা অংশ নেন।
বন বিভাগ জানায়, মধুরছড়া এলাকায় সরকারি বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে দখলমুক্ত করা বনভূমি যাতে পুনরায় দখল না হয়, সে জন্য প্রয়োজনীয় সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি জবরদখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। দখলমুক্ত বনভূমি সংরক্ষণ এবং নতুন করে দখল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।