কাপ্তাইয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, কাপ্তাই উপজেলা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নের বিষয়ে আন্তরিক। শিক্ষার্থীদের মেধা ও মননে এগিয়ে যেতে হবে এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. আবদুল হালিমের সভাপতিত্বে এবং জিসাসের সভাপতি ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি বেলাল হোসেন এবং অনুষ্ঠানের সদস্যসচিব ও সাবেক ছাত্রনেতা মো. আনিছুর রহমান।

এ ছাড়া জিসাসের কেন্দ্রীয়, জেলা ও কাপ্তাই উপজেলা কমিটির সদস্য, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করাই এ সংবর্ধনা আয়োজনের মূল উদ্দেশ্য। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।