রাঙামাটিতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম ও বিভিন্ন ত্রুটির দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, অভিযানে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।