নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫০০ পর্যটক, ফিরছে প্রাণচাঞ্চল্য
![]()
জার্নাল প্রতিবেদক
টানা চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটকদের ঢল নেমেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পাঁচ শতাধিক পর্যটক সাজেক ভ্রমণ করেছেন। এতে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা পর্যটন খাতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।
সাজেক জিপ গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহেন্দ্র ও মোটরসাইকেল সাজেকে এসেছে। এসব যানবাহনে পাঁচ শতাধিক পর্যটক সাজেক ভ্রমণ করেছেন। বিকেলের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এ পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতোমধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে বলেও জানান তিনি।
নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাজেকের পর্যটনকেন্দ্রগুলোতে সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সাজেক আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।