দু’দফা অভিযানে খাগড়াছড়িতে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষধ উদ্ধার করেছে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় দুই দফায় অভিযান চালিয়ে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ১০ লাখ টাকা মূল্যমানের ৮ লাখ ৬১ হাজার পিস ভারতীয় বিভিন্ন ঔষধ উদ্ধার করেছে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। গত ১০ জুন বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব অভিযান ৫ পরিচালনা করে সেনাবাহিনী।

জানা যায়, অপারেশন উত্তরণের আওতায় পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি অত্র এলাকার মানুষের জান মাল এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায়, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ জুন বৃহস্পতিবার গভীর রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার ১০ নং মুসলিমপাড়া মেম্বারটিলা এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ঔষধ নিমসুলাইড ১০০ মিঃ গ্রাঃ ট্যাবলেটের তিনটি বস্তা উদ্ধার করে সেনা সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা।
পরবর্তীতে এর সূত্র ধরে শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারো অভিযানে নামে মাটিরাঙ্গা জোন। এবার একই এলাকার আরেকটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ৪ বস্তা ঔষধ উদ্ধার করা হয়। দু’দফায় উদ্ধারকৃত ৮ লাখ ৬১ হাজার পিস ভারতীয় ঔষধ আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা

সূত্র জানায়, এদিন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসানের নেতৃত্বে একটি সেনা টহল দল মাটিনাঙ্গার ১০নং ইসলাম পূর মেম্বার টিলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০নং ইসলাম পূর মেম্বার টিলা এলাকায় জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ঔষধগুলো উদ্ধার করা হয়।
অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মহসীন হাসান জানান, অত্র এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে মাটিরাঙ্গা জোন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে ।