ঝড়ে ভারতে আটকা পড়া ১৫ বাংলাদেশি জেলেকে দেশে হস্তান্তর
![]()
নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ভারতে আটকে পড়া ১৫ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হয়েছে। প্রায় নয় মাস পর বেনাপোল সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা জেলেরা বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ আগস্ট বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে যায়। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তাদের ট্রলার ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে। ৩৬ ঘণ্টা পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে কোস্টগার্ডের হাতে তুলে দেয়। অনুপ্রবেশের অভিযোগে জেলেদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এদের মধ্যে ৬৬ বাংলাদেশিকে আগেই বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। বাকি জেলেদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, “ফেরত আসা জেলেদের চেকপোস্ট ইমিগ্রেশন পোর্ট থানায় সোপর্দ করে। পরে অফিসিয়াল কার্যক্রম শেষ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”