৮ দফা দাবিতে সরকারকে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান

৮ দফা দাবিতে সরকারকে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান

৮ দফা দাবিতে সরকারকে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই”—এই শ্লোগান সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন সরকারের কাছে ৮ দফা দাবিনামা পেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারপ্রধান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

সরকারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।

সংগঠনের দাবি অনুযায়ী, পার্বত্য চুক্তির সংশোধনের মাধ্যমে আঞ্চলিক ও জেলা পরিষদে বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, রাষ্ট্রীয় ও প্রশাসনিক পর্যায়ে বড়ুয়া প্রতিনিধিদের অন্তর্ভুক্তি, এবং জনশুমারিতে বড়ুয়া জনগোষ্ঠীকে আলাদা পরিচয়ে চিহ্নিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত আসন, ধর্মীয় ট্রাস্টে প্রতিনিধিত্ব, ঢাকার পার্বত্য কমপ্লেক্সে শিক্ষা ও আবাসন সুবিধা, জাতীয় দিবসে আমন্ত্রণ, এবং একটি বৈষম্য বিলোপ কমিশন গঠনেরও দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ভদন্ত অজিতানন্দ মহাথেরো, মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহ-সভাপতি জিনপদ বড়ুয়া ও শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক অপু বড়ুয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের বৃহৎ বৌদ্ধ জনগোষ্ঠীর অংশ হলেও বড়ুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক, রাজনৈতিক ও উন্নয়ন কাঠামোতে পর্যাপ্ত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। ফলে নানাবিধ বৈষম্য ও প্রান্তিকতার শিকার হচ্ছেন তারা।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বড়ুয়া সম্প্রদায় বহুদিন ধরেই নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের স্বীকৃতি ও মর্যাদার জন্য বিভিন্ন স্তরে আন্দোলন করে আসছে। এই স্মারকলিপি তারই ধারাবাহিক প্রয়াস বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।