আর্মি গলফ ক্লাবে পর্দা নামলো এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬-এর
![]()
নিউজ ডেস্ক
চার দিনব্যাপী এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এপেক্স কাপের মতো নিয়মিত ও প্রতিযোগিতামূলক গলফ টুর্নামেন্ট দেশের গলফ অঙ্গনের সার্বিক উন্নয়ন ও নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬-এ সর্বমোট ৮১৩ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কর্নেল ইমতিয়াজ মাহমুদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ভেটারান বিভাগে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অব.), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব.), লেডিস বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর বিজয়ীর কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়গণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।
প্রসঙ্গত, সেনানিবাসভিত্তিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতায় এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট দেশের ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা, প্রতিযোগিতা ও সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।