সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বান্দরবানে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় নির্বাচন ও গণভোট চলাকালীন পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রিজিয়ন কমান্ডার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এই নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নিবিড় সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান–প্রদান অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, গুজব ছড়ানো বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা পার্বত্য জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নির্বাচন ও গণভোট চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পাহাড়ি ও সীমান্তবর্তী জেলা হওয়ায় বান্দরবানে নির্বাচনকালীন নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়, সে কারণে আগাম সমন্বয় ও প্রস্তুতির মাধ্যমে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলো সক্রিয় রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।