ঢাকা ক্যান্টনমেন্টে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইংয়ের নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা ক্যান্টনমেন্টে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর নবনির্মিত ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ক্যাম্পাসে উইংটির কার্যক্রম শুরু হলেও এটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এছাড়া অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক উপস্থিত ছিলেন।

পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসাররাও অনুষ্ঠানে অংশ নেন।
নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইংয়ের যাত্রা শুরু হওয়াকে কৌশলগত পর্যায়ের সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই ক্যাম্পাস গবেষণা কার্যক্রম, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল ধারণা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানদের একসঙ্গে উপস্থিতি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌগতা, আন্তঃকার্যক্ষমতা ও পেশাগত উৎকর্ষতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। একই সঙ্গে এটি আধুনিক সামরিক শিক্ষা, ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং জাতীয় প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইংয়ের এই নবনির্মিত ক্যাম্পাস ভবিষ্যতে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।