নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলীকদম সেনা জোনের প্রস্তুতি ও নিরাপত্তা সভা
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সার্বিক নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে এক বিশেষ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভাও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।
সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনকালীন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, নিয়মিত টহল, তথ্য আদান-প্রদান এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন উপ-অধিনায়ক, সাব-জোন অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিনিধিসহ নির্বাচন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সভা শেষে জোন অধিনায়ক স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, সেনাবাহিনীর প্রস্তুতি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন।
জোন অধিনায়ক তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও নিরাপত্তাগত সংবেদনশীলতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এড়িয়ে চলা এবং রাষ্ট্রীয় স্বার্থ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনের নির্দেশনা ও সরকারের নীতিমালার আলোকে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে বলেও জানান জোন অধিনায়ক।
প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে আলীকদম ও লামা উপজেলায় এ ধরনের সমন্বয় সভা ও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থানীয় পর্যায়ে নিরাপত্তা আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।