নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম প্রস্তুতি গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নজরদারি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও গুরুত্বারোপ করা হয় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করার ওপর, যাতে নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও সমন্বিতভাবে মোকাবিলা করা যায়। একই সঙ্গে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক বলেন, জনগণের জানমাল রক্ষা এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও নিরাপত্তাজনিত বাস্তবতা বিবেচনায় খাগড়াছড়িতে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর সমন্বিত ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।