কাপ্তাইয়ে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কেরেককাটা এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনসাধারণ এবং শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে দূর-দূরান্তের পাহাড়ি এলাকা থেকে অসংখ্য দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।
সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার-এর তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা পরিচালিত হয়। চিকিৎসা কার্যক্রমে দায়িত্ব পালন করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. হাসানউজ্জামান এ্যানী।
চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষদের অগ্রাধিকার দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার বলেন, সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সেনাবাহিনীর মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় সেনাবাহিনীর নিয়মিত মানবিক ও সেবামূলক কার্যক্রম স্থানীয় জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।