ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা
![]()
নিউজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনও শঙ্কা নেই। এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোথাও কারচুপির খবর পেলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।
নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাবো।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে নির্বাচন উপলক্ষে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। সেই সঙ্গে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হবে।
তিনি বলেন, আমরা দেশের ৮টি বিভাগের মধ্যে ৭টি বিভাগে ইতোমধ্যে সভা করেছি। আজ রংপুর বিভাগের সভা করে আমাদের কাজ শেষ করলাম। রংপুর বিভাগে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। রংপুর বিভাগে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এ জন্য বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।