পাহাড়ে শহীদ সেনাসদস্য মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের ৩য় শাহাদাত বার্ষিকী আজ
![]()
নিউজ ডেস্ক
স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন, এসবিপি-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) তাঁর আত্মত্যাগের এই দিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয়রা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন দায়িত্বশীল সুবেদার মেজর হিসেবে বান্দরবানের রুমা জোনে কর্মরত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন একজন সৎ, মেধাবী, কর্মঠ ও দক্ষ সৈনিক হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের আজকের এই দিনে (১২ মার্চ) সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনের কাটাপাহাড় এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়েন তিনি। এ সময় সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন এবং সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালান।
গুলিবিনিময়ের একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। দেশের নিরাপত্তা এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর এই আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গৌরবজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
তাঁর বীরত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী তাকে মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করে।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।