রাঙ্গামাটিতে প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট বিতরণ, পর্যটন সেবার মানোন্নয়নের উদ্যোগ

রাঙ্গামাটিতে প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট বিতরণ, পর্যটন সেবার মানোন্নয়নের উদ্যোগ

রাঙ্গামাটিতে প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট বিতরণ, পর্যটন সেবার মানোন্নয়নের উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটিকে নিরাপদ ও উন্নত মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে বিশেষ ভেস্ট বিতরণ করা হয়েছে। পর্যটকদের জন্য পেশাদার ও পরিচিতিমূলক সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার রয়েল ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজমের পক্ষ থেকে ট্যুর অপারেটর সংগঠন হিল ট্রেকার্স রাঙ্গামাটি-এর সদস্যদের হাতে এই ট্যুর গাইড ভেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব রাঙ্গামাটির সভাপতি বাদশা ফয়সাল, বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, হাউসবোট ও ট্যুরিস্ট বোট মালিকসহ পর্যটন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ।

হিল ট্রেকার্স রাঙ্গামাটির পক্ষ থেকে সংগঠনের পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন ভেস্ট গ্রহণ করেন। এ সময় পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙ্গামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. হাবীব আজম বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যুর গাইডদের পরিচিতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধি করতেই এই ভেস্ট প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে রাঙ্গামাটিকে একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ভবিষ্যতেও পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা এবং রাঙ্গামাটির পর্যটন খাতকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ধরনের উদ্যোগ পর্যটন খাতে পেশাদারিত্ব বাড়ানোর পাশাপাশি পর্যটকদের আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed