প্রেসিডেন্ট নির্বাচন তদারকিতে মিন অং হ্লাইংয়ের ঘনিষ্ঠ আউং লিন দ্বে, ক্ষমতার সমীকরণে নতুন ইঙ্গিত
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান-পরবর্তী উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামী দুই সপ্তাহে পরবর্তী প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা নির্বাচনের তদারকি করবেন অভ্যুত্থান নেতা মিন অং হ্লাইংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক জেনারেল উ আউং লিন দ্বে।
চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তার ভেতরে জোর গুঞ্জন রয়েছে, সেনাপ্রধানের পদ ছাড়ার পর মিন অং হ্লাইং নিজেই প্রেসিডেন্ট হতে চান। তিনি প্রার্থী হলে, তাকে নির্বাচিত করার ভোটাভুটি পরিচালনা করবেন তার অন্যতম ঘনিষ্ঠ আস্থাভাজন আউং লিন দ্বে—যা তার প্রতি মিন অং হ্লাইংয়ের আস্থার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
জান্তার পাঁচ বছরের শাসনামলে এই আস্থার প্রতিফলন বারবার দেখা গেছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) সচিব হিসেবে আউং লিন দ্বে মিন অং হ্লাইংয়ের পক্ষে ৩৫০টির বেশি ডিক্রি স্বাক্ষর করেন, যাতে জান্তার প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে।
যদিও জান্তা প্রধান নিজে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত—যেমন এসএসি গঠন এবং পরবর্তীতে স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন গঠন—স্বাক্ষর করেছেন, তবে অন্যান্য অধিকাংশ নির্বাহী আদেশ আউং লিন দ্বেই সামলেছেন। এর মধ্যে ছিল মন্ত্রী ও উপমন্ত্রীর নিয়োগ-বদলি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, সামরিক আইন জারি, সামরিক কর্মকর্তাদের বদলি এবং গণতন্ত্রপন্থী নেতা উ উইন মিন্ট ও দাও অং সান সু চির সাজা আংশিক কমানোর সিদ্ধান্ত।

জান্তার দৈনন্দিন প্রশাসনে তার এই কেন্দ্রীয় ভূমিকা মিন অং হ্লাইংয়ের ওপর তার নির্ভরতার গভীরতা নির্দেশ করে। ২০২১ সালে জান্তা গঠনের পরপরই তখনকার লেফটেন্যান্ট জেনারেল আউং লিন দ্বেকে এসএসি সচিব করা হয়। শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তার অপসারণের পরও তিনি এই পদে বহাল থাকেন এবং পরে পূর্ণ জেনারেলে পদোন্নতি পেয়ে স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন ও ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের দপ্তরে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের সংবিধান অনুযায়ী, উচ্চকক্ষের স্পিকারই ইউনিয়ন পার্লামেন্টের চেয়ারম্যান হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাংবিধানিক কারণেই আউং লিন দ্বেকে স্পিকার করা হয়েছে, কারণ নতুন সরকারে মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্লেষক কো থিন কিয়াও আয়ে বলেন, “তার তাৎক্ষণিক প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”
তিনি বলেন, “প্রক্রিয়াটি নির্বিঘ্ন রাখতে তিনি কাজ করবেন।”
জান্তা প্রধানের অভিপ্রায় নিয়ে জল্পনা আরও বেড়ে যায়, যখন প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ইউএসডিপি চেয়ারম্যান উ খিন ইকে নিম্নকক্ষের স্পিকার করা হয়। এদিকে মিন অং হ্লাইং তার জেনারেলদের সঙ্গে বিদায়ী সংবর্ধনার মতো একটি আয়োজন করেছেন বলেও পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন, যা সেনাপ্রধান পদ ছাড়ার পর তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তিনি গত ১৫ বছর ধরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
৬৪ বছর বয়সী আউং লিন দ্বে জান্তার ডিসেম্বর-জানুয়ারির নির্বাচনে মান্দালয় অঞ্চল থেকে ইউএসডিপির প্রার্থী হিসেবে উচ্চকক্ষের আসন জেতেন। নির্বাচনী প্রচারণায় তিনি ডিফেন্স সার্ভিসেস টেকনোলজিক্যাল একাডেমি ও ডিফেন্স সার্ভিসেস একাডেমির কমান্ড্যান্ট হিসেবে অভিজ্ঞতা এবং ছয় বছর জাজ অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালনের কথা তুলে ধরেন। তার প্রশাসনিক ও আইনি অভিজ্ঞতাই মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়ার প্রক্রিয়া সংসদে নির্বিঘ্ন করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

তিনি পাঁচ বছর মেয়াদের প্রথমার্ধে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন, এরপর বাকি সময়ের জন্য নিম্নকক্ষের স্পিকার দায়িত্ব নেবেন।
মিন অং হ্লাইংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক অভ্যুত্থানের অনেক আগ থেকেই। ডিফেন্স সার্ভিসেস একাডেমিতে কমান্ড্যান্ট থাকাকালে মিন অং হ্লাইংয়ের অধীনে কাজ করেছিলেন আউং লিন দ্বে। ২০১১ সালে মিন অং হ্লাইং সেনাপ্রধান হওয়ার পর তার আস্থাভাজনের ধারাবাহিক পদোন্নতি ঘটে—২০১৪ সালে ওয়েস্টার্ন কমান্ড প্রধান, ২০১৬ সালে জাজ অ্যাডভোকেট জেনারেল এবং অভ্যুত্থানের পর এসএসি সচিব। সামরিক সূত্র বলছে, পেশাগত যোগ্যতার চেয়ে মিন অং হ্লাইংয়ের প্রতি অবিচল আনুগত্যই তার পদোন্নতির মূল কারণ।
তার উত্থানের সুফল পেয়েছে তার পরিবারও। এসএসি সচিব হওয়ার পর তার স্ত্রী ও সন্তানদের মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান—মিংগালার আউং মায়, আউং মিন্ট মোহ লিন এবং শ্বে ই ফিয়ো প্যায়—দ্রুত সম্প্রসারিত হয়ে নির্মাণ ও উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। একই সময়ে তার ছোট বোন ডা. সু সু দ্বে মান্দালয় জেনারেল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট থেকে ট্র্যাডিশনাল মেডিসিন বিভাগের মহাপরিচালক পদে উন্নীত হন।
বিশ্লেষকদের মতে, রাবারস্ট্যাম্প হিসেবে পরিচিত এই সংসদের নেতা হিসেবে আউং লিন দ্বে জনস্বার্থকে অগ্রাধিকার দেবেন—এমন সম্ভাবনা কম। বরং তিনি মিন অং হ্লাইং এবং নিজের পরিবারের স্বার্থ রক্ষায় কাজ চালিয়ে যাবেন, যেমনটি তিনি গত পাঁচ বছরে করে এসেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।