ভয়ভীতি ও অপপ্রচারের মাধ্যমে পর্যটন খাতকে পিছিয়ে রাখা যাবে না: দীপেন দেওয়ান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতকে ভয়ভীতি ও অপপ্রচারের মাধ্যমে পিছিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
রবিবার (১০ মে) রাতে বার্গী লেকভ্যালী রিসোর্ট-এ রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন রাঙামাটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাঙামাটি একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হলেও এখনো প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শুধু দেশীয় পর্যটক নয়, বিদেশি পর্যটক আকর্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, টাকা নয়, ডলার আয়ের ব্যবস্থা করতে হবে। তবেই জাতীয় অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখা সম্ভব হবে।
বিদেশি পর্যটকদের আগমনে বিদ্যমান কিছু প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে ইতোমধ্যে আলোচনা চলছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়কে ঘিরে কিছু অপপ্রচার রয়েছে, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করলে কেউ আর জুজুর ভয় দেখাতে পারবে না।
এ সময় তিনি কাপ্তাই লেককে ঘিরে নতুন পরিকল্পনার কথাও জানান, যা শিগগিরই প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ান, সহসভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা এবং বাপ্পি তঞ্চগ্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।