পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি এলাকার কলসিরমুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করার চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হয়।
পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া ভাষায় আপত্তি জানিয়ে অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত তাদের কার্যক্রম থেকে সরে আসে এবং স্থাপন করা খুঁটিটি দ্রুত তুলে নিয়ে যায়।
এ বিষয়ে ৫১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কলসিরমুখ বিওপি এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ খুঁটি স্থাপনের কাজ শুরু করার চেষ্টা চালায়। বিষয়টি জানার পর বিজিবি সেখানে শক্ত অবস্থান নেয়। বিজিবির কড়া প্রতিবাদের কারণে বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপনের কাজ থেকে সরে যায়।”
তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন ধরনের একতরফা পদক্ষেপ নেওয়ার চেষ্টা দেখা যায়। তবে বিজিবির তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা খুঁটি স্থাপন দুই দেশের পারস্পরিক সমঝোতা ও সীমান্ত আইন ছাড়া করা যায় না। তাই বিএসএফের এ ধরনের উদ্যোগ সীমান্ত আইন লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।