রাঙামাটির বাঘাইছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
“করব মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ ফল মেলার উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, বন বিভাগের শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার, কৃষি বিভাগের বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, তেমনি কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটানো যায়। দেশীয় ফলের পাশাপাশি বিদেশি জাতের ফল চাষেও কৃষকদের আগ্রহ বাড়ছে, যা কৃষি খাতকে আরও সমৃদ্ধ করছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ জুন শুরু হওয়া এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সঙ্গে পরিচিত করে তোলা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মেলায় বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, ড্রাগন ফল, মাল্টা, কমলা, আনারস, জাম, তরমুজসহ নানা ধরনের মৌসুমি ও অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ মেলা ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।