স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে রাঙামাটিতে রেড ক্রিসেন্টের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে কমিউনিটি সম্পৃক্ততা ও জবাবদিহিতা (সিইএ), রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম এবং সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য গঙ্গা মানিক চাকমা, মনোয়ারা বেগম, হারুনুর রশিদ, মো. আলমগীর, আব্দুল আহাদসহ বিভিন্ন আজীবন সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ। প্রশিক্ষণের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন রাঙামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা কমিউনিটি সম্পৃক্ততা ও জবাবদিহিতা (সিইএ), রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক সেবা কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করেন। আয়োজকরা জানান, দুর্যোগকালীন ও মানবিক সংকট মোকাবিলায় দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তুলতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ স্বেচ্ছাসেবক তৈরি হলে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকের হাতে উপহার হিসেবে একটি করে মিনি ফার্স্ট এইড ব্যাগ তুলে দেওয়া হয়, যা ভবিষ্যতে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট জানায়, মানবিক সেবার পরিধি বিস্তৃত করতে এবং দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।