দুর্গম থানচিতে হাম-ডায়রিয়ার প্রাদুর্ভাবে যৌথ মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষ পেল চিকিৎসাসেবা

দুর্গম থানচিতে হাম-ডায়রিয়ার প্রাদুর্ভাবে যৌথ মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষ পেল চিকিৎসাসেবা

দুর্গম থানচিতে হাম-ডায়রিয়ার প্রাদুর্ভাবে যৌথ মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষ পেল চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ থানচি উপজেলায় হঠাৎ করে হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দ্রুত মানবিক উদ্যোগ হিসেবে যৌথভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২০ জুন) সকাল থেকে দিনব্যাপী থানচি উপজেলার দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের সীমান্তবর্তী বিপি-৭১ সংলগ্ন বংকু ত্রিপুরা পাড়া, প্রদীপ ত্রিপুরা পাড়া এবং শালুকিয়া ত্রিপুরা পাড়ায় এ বিশেষ চিকিৎসা ক্যাম্পেইন পরিচালিত হয়।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন ৩৮ বিজিবির মেডিকেল অফিসার মেজর তাবেইন ইয়াসিয়াজ ভূইয়া।

চিকিৎসা দলে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়মন হোসেন, হেলথ ইন্সপেক্টর মনিকা লেনচেও এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) বন্ধনা তংচংগা।

দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় বসবাসকারী শতাধিক সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। স্থানীয়দের মধ্যে প্রায় ২০-২৫ জন পুরুষ, ৩০-৪০ জন নারী এবং ৩০-৪০ জন শিশু এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসকরা জানান, হাম-ডায়রিয়ার প্রাদুর্ভাব বিবেচনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্যাম্পে উপস্থিত প্রায় ৩০ থেকে ৪০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে স্থানীয়দের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আয়মন হোসেন বলেন, দুর্গম এলাকায় দ্রুত সাড়া দিয়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন দুর্গম এলাকায় সময়মতো চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় তারা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং শিশুদের জন্য টিকাদান কার্যক্রম বিশেষভাবে আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সংস্থা নিয়মিতভাবে যৌথভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed