রোহিঙ্গা ক্যাম্পে চিকেনপক্সের প্রকোপ বেড়েছে, উদ্বেগ স্বাস্থ্য কর্মকর্তাদের

রোহিঙ্গা ক্যাম্পে চিকেনপক্সের প্রকোপ বেড়েছে, উদ্বেগ স্বাস্থ্য কর্মকর্তাদের

রোহিঙ্গা ক্যাম্পে চিকেনপক্সের প্রকোপ বেড়েছে, উদ্বেগ স্বাস্থ্য কর্মকর্তাদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে চিকেনপক্স রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে হাম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত হতো, বর্তমানে তা ছাড়িয়ে চিকেনপক্সই ক্যাম্পগুলোতে বড় স্বাস্থ্যচ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যারিসেলা-জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট এই রোগটি সাম্প্রতিক মাসগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোহা ভূঁইয়া জানান, গত তিন মাসে রোহিঙ্গা ক্যাম্পে মোট ৮ হাজার ৭৬৯ জন চিকেনপক্সে আক্রান্ত হয়েছেন। যেখানে গত বছরের শেষ ছয় মাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩৫৫ জন।

তিনি আরও বলেন, “বর্তমানে হাম ও রুবেলা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গত তিন মাসে মাত্র চারজন শিশু হাম এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।”

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে হাম ও রুবেলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও চিকেনপক্স প্রতিরোধে আরও সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।

ডা. তোহা ভূঁইয়া জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ক্যাম্পে শিশুদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মৌসুমি কারণে এ সময় রোগটির সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়। তিনি বলেন, “চিকেনপক্সে মৃত্যুঝুঁকি তুলনামূলক কম হলেও এর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি।”

টিকা না পাওয়া মানুষের শরীরে চিকেনপক্স। ছবি: সিডিসি

কর্মকর্তারা জানান, অতিরিক্ত জনসংখ্যা, সীমিত পরিসরে বসবাস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার সীমাবদ্ধতার কারণে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

কুতুপালং ক্যাম্পের বাসিন্দা নুরজাহান বলেন, “আমার সন্তানের শরীরে হঠাৎ ফুসকুড়ি উঠেছে, এরপর জ্বর এসেছে। একই ঘরে থাকায় তাকে আলাদা রাখা খুবই কঠিন।”

আরেক অভিভাবক মোহাম্মদ ইদ্রিস জানান, “একজন আক্রান্ত হলে দ্রুত অন্যরাও আক্রান্ত হয়ে যাচ্ছে। শিশুদের সামলানো কঠিন হয়ে পড়েছে।”

চিকিৎসকদের মতে, চিকেনপক্স একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা সাধারণত শীতের শেষভাগ ও বসন্তকালে বেশি বিস্তার লাভ করে।

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনঘনত্ব বেশি হওয়ায় সংক্রামক রোগের ঝুঁকি সবসময়ই বেশি থাকে, ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *