কাপ্তাই হ্রদে নিখোঁজ ফল ব্যবসায়ী বিএনপি নেতা, রাতভর তল্লাশিতেও মেলেনি সন্ধান
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌপথে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়েছেন মৌসুমি ফল ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদ (৫০)। শনিবার (১৯ জুলাই) বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। রাতভর নৌবাহিনীর ডুবুরি দল ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি এবং দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ব্যবসায়িক কাজ শেষে বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাইয়ের উদ্দেশে রওনা দেন মাসুদ। পথে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় পৌঁছানোর পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি মালামালসহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে নৌকায় তিনি ছিলেন না। এ অবস্থায় তাকে হ্রদে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন, স্বজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে বিষয়টি নৌবাহিনী ও পুলিশকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌবাহিনীকে অবহিত করা হয়। এরপর নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা থেকে টানা উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত প্রায় ১১টা পর্যন্ত তল্লাশি চালানো হলেও নিখোঁজ মাসুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরদিন পুনরায় অভিযান চালানোর কথা রয়েছে।
তিনি বলেন, “মাসুদ দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন এবং এলাকায় একজন পরিচিত ব্যক্তি ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।”
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর ডুবুরি দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছেন, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
স্থানীয়দের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে পুনরায় শুরু হওয়া উদ্ধার অভিযানে দ্রুত নিখোঁজ ব্যবসায়ী মাসুদের সন্ধান মিলবে। অন্যদিকে পরিবারের সদস্যরা প্রিয়জনের নিরাপদ ফিরে আসার অপেক্ষায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।