পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, ‘রংধনু জাতি’ গঠনে চেয়েছেন সকলের সহযোগিতা- প্রতিমন্ত্রী মীর হেলাল
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। রবিবার (১৯ জুলাই) ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এবং যন্ত্রনাথ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমএন আবসার এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, এই দেশ একটি বহুমাত্রিক সংস্কৃতির দেশ। পাহাড়, সমতল, বিভিন্ন জাতিগোষ্ঠী—সবাই মিলে আমরা একটি ‘রংধনু জাতি’। এই রংধনু জাতিকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব এবং সরকার সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে আশ্বাস দেন। বলেন, ভবিষ্যতেও সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২৫০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।