রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ১১ আর ই ব্যাটালিয়ন।
রোববার (১৯ জুলাই) সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন ১১ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মিরাজ মাহমুদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় হেডম্যান, কারবারি, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দুর্গম পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং তাদের শিক্ষাজীবনকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করে আসছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে উপ-অধিনায়ক মেজর মো. মিরাজ মাহমুদ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় এবং সমাজের পাশাপাশি রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় হেডম্যান ও কারবারিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের শিক্ষা সহায়তা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রেরণা সৃষ্টি করবে। এতে অভিভাবকদের মধ্যেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে।
১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্যাঞ্চলে শিক্ষা সম্প্রসারণ, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।