মাটিরাঙ্গায় টানা বর্ষণে ঘর হারানো অসহায় বৃদ্ধকে নতুন ঘর নির্মাণ করে দিল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
টানা বর্ষণে ঘর ধসে মাথা গোঁজার ঠাঁই হারানো এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন ক্ষতিগ্রস্ত বৃদ্ধের জন্য অল্প সময়ের মধ্যেই একটি নতুন বসতঘর নির্মাণ করে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকায় বসবাসকারী বৃদ্ধ কচাকলা ত্রিপুরার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি বসতঘরটি ধসে পড়ে। একমাত্র আশ্রয়স্থল হারিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি। বিষয়টি জানতে পেরে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত বৃদ্ধের সঙ্গে কথা বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত একটি নিরাপদ বসতঘর নির্মাণের নির্দেশনা দেন।
এরপর জোনের তত্ত্বাবধানে স্বল্প সময়ের মধ্যে নতুন ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। রোববার আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তরের মাধ্যমে বৃদ্ধ কচাকলা ত্রিপুরার মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঘর ভেঙে যাওয়ার পর কোথায় থাকব, কীভাবে জীবন চলবে—সেটি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সেনাবাহিনী এত দ্রুত আমার জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছে। এই সহযোগিতা আমার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আমি তাদের সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি।
স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত দাঁড়ানো এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া স্থানীয়দের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করেছে।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।