পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের নেতৃত্বে পানছড়ি মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বাজারের একাধিক দোকানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ মাছগুলো জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে পানছড়ি থানা পুলিশের একটি টিম।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ মাছ বিক্রি বা সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।