তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবের প্রতি সমর্থন, প্রত্যাবাসন চান রোহিঙ্গারা
![]()
জার্নাল প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরার দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন করেছেন রোহিঙ্গারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে সংকটের স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার বালুখালীর ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউসিআরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার রোহিঙ্গা কমিউনিটির সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় রোহিঙ্গারা বাংলাদেশে মানবিক সহায়তার ওপর নির্ভর করে বসবাস করছেন। তাদের মতে, সংকটের স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিকল্প নেই। এ জন্য মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ইউসিআর নেতা ছৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও মানবিক সহায়তা পেয়ে আসছেন। এখন সেই সংহতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ রোহিঙ্গারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়াই তাদের প্রত্যাশা। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তারা জানান।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে জোর দিয়ে আসছে। ২০২৬ সালের জুনেও জাতিসংঘে বাংলাদেশ বলেছে, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের মধ্যেই নিহিত এবং প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২১ সেপ্টেম্বর মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকটের মূল কারণ মোকাবিলার মাধ্যমে তাদের প্রত্যাবাসনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মানববন্ধনে মাস্টার জাহাঙ্গীর আলম, মৌলভী সৈয়দ উল্লাহ, মাস্টার কিন মং রফিক, মাস্টার শোয়াইব, সাজেদা বেগমসহ ইউসিআরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।