কক্সবাজারে সড়কে অস্ত্রের মুখে অর্ধশতাধিক যানবাহনে লুটপাট

কক্সবাজারে সড়কে অস্ত্রের মুখে অর্ধশতাধিক যানবাহনে লুটপাট

কক্সবাজারে সড়কে অস্ত্রের মুখে অর্ধশতাধিক যানবাহনে লুটপাট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ টি যানবাহন। এসব যানবাহনের শতাধিক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীরা জানান, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে তাদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সোমবার রাত পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে মোট কতটি যানবাহনে লুটপাট হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ঈদগড়ের ব্যবসায়ী আমজাদ উল্লাহ বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তিনি তার দোকানের মালামালের জন্য সিএনজি চালিত অটোরিকশাযোগে ঈদগড় থেকে ঈদগাঁও বাজারে যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে ৮ থেকে ১০ জন সশস্ত্র মুখোশধারী তার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ও একটি ২৫ হাজার টাকা দামের এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেন।
হামিদুর রহমান নামের একজন জানান, দুয়েক ঘন্টা ধরে প্রায় ৫০ টির মতো অটোরিকশা ও মোটরসাইকেলের ১২০ থেকে ১৫০ যাত্রীকে জিম্মি করে লুটপাট চালায়। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না
এদিকে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি।
আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম বলেন, তারা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে জঙ্গলে নিয়ে মারধর করেন। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।
এ সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুল হাকিম। তিনি বলেন, অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও অহরহ ঘটছে। অথচ যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেই।
ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও ডাকাতির শিকার হয়েছেন। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। জীবন বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, সোমবার সকাল আটটা ও দুপুর ১২টার দিকে দুই দফায় এ সড়কে লুটপাট চালানো হয়। দুই দফায় প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে ডাকাতি চলে।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed