উখিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের এক উৎকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে প্রশাসন সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উখিয়া উপজেলার ধুরুমখালী শর্মাপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ইউএনও পান্না আক্তার বলেন, উখিয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্গাপূজার আনন্দ যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা যায়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, পোস্টমাস্টার এস এম জসিম উদ্দিনসহ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পসহ মোট নয়টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি থানা পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।