সরকারের আগাম প্রস্তুতিতে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি কমেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল
![]()
জার্নাল প্রতিবেদক
সরকারের সময়োপযোগী প্রস্তুতি ও আগাম পদক্ষেপের কারণেই সাম্প্রতিক বন্যায় জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফলে অতীতের তুলনায় এবারের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে।

তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনা করে আজ থেকেই সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এর আওতায় স্বল্পমূল্যে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষি, অবকাঠামো ও অন্যান্য ক্ষতিগ্রস্ত খাত পুনরুদ্ধারেও সরকার কাজ করছে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রেইনবো জাতি’ গঠনের যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সম্প্রীতি, সমতা ও উন্নয়নের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানসহ প্রতিটি খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়। উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।