বমু-বিলছড়িতে জামায়াতের কর্মী সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু-বিলছড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ হাসান। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী নোমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শূরা সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেদায়েত উল্লাহ জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনের সব কর্মীকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আরও বেশি সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে, যাতে গ্রামের প্রত্যেক নাগরিকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব হয়।
তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যেতে হবে।
সম্মেলনে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বমু-বিলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. সরওয়ার উদ্দীনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়জন সাধারণ সদস্য এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনের শেষপর্বে চেয়ারম্যান প্রার্থী মো. সরওয়ার উদ্দীনসহ স্থানীয় জামায়াতের নেতারা বক্তব্য দেন। পরে তাদের বক্তব্যের মধ্য দিয়ে কর্মী সম্মেলনের সমাপ্তি হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।