রাঙামাটি জেলা পরিষদকে স্বাগত জানিয়ে কাপ্তাই বিএনপির আনন্দ র্যালি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার (দিপু) ও সদস্যদের মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কাপ্তাইয়ে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে কাপ্তাইয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে আয়োজিত সমাবেশে নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদারকে দায়িত্ব দেওয়ায় তাঁরা সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটির পাশাপাশি কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। কাপ্তাইয়ের মানুষের উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের সহযোগিতা আরও বাড়বে—এটাই তাঁদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, দীপন তালুকদারকে চেয়ারম্যান এবং কাপ্তাইয়ের সন্তান উথোয়াইমং মারমাকে জেলা পরিষদের সদস্য মনোনীত করায় তাঁরা আনন্দিত। তাঁদের নেতৃত্বে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য উথোয়াইমং মারমা বলেন, তাঁকে জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। দলীয় সিদ্ধান্ত ও নীতিমালা অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, সহসভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ, উপজেলা যুবদলের সভাপতি জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব (মিলু), কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (আবু)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া নারী নেত্রী পারুল ও সালেহাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য উথোয়াইমং মারমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত পরিষদের নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে জেলা পরিষদ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।